বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে বিনা দরপত্রে সরকারি ১৮টি বাড়ি বিক্রি সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ টাকা দুর্নীতির ১৫টি মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এই দীর্ঘ প্রতীক্ষিত রায় ঘোষণা করেন। একইসঙ্গে এসব মামলায় মির্জা আব্বাসসহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে।
২০০৭ সালের মার্চে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসসহ ১২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করে দুদক। চারদলীয় জোট সরকারের আমলে সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি সাজানো দরপত্র ডেকে অস্বাভাবিক কম দামে বিক্রির অভিযোগ আনা হয় মামলায়।
মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘১৫ মামলায় সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। তবে বিচার চলাকালে তিন আসামি মারা গেছেন। রায়ে আমরা ন্যায় বিচার পেয়েছি।’
২০০৭ সালে ২০ সেপ্টেম্বর দায়ের হওয়া অভিযোগপত্রে বলা হয়, ‘সাজানো দরপত্রের মাধ্যমে এবং প্রকৃত দামের চেয়ে কম দাম দেখিয়ে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করে আসামিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন। এতে সরকারের ক্ষতি হয়েছে ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার টাকা।’
অভিযোগপত্রে আরও ১৪ আসামির নাম যুক্ত হয়। তাদের বিরুদ্ধে ‘সুবিধা আদায়ের’ অভিযোগ তোলা হয়। পরবর্তীতে আসামি মির্জা আব্বাসসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় আদালত।