মানবতাবিরোধী অপরাধ

সাবেক স্বরাষ্ট্রসচিব ও সাবেক যুগ্ম সচিবের বিরুদ্ধে অভিযোগ দাখিল

গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও একই বিভাগের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ মামলায় আসামি জাহাংগীর আলম গ্রেপ্তার আছেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও মোহাম্মদ জহিরুল আমিন।

প্রসিকিউটর জহিরুল আমিন দেশ রূপান্তরকে বলেন, “গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যার বিষয়ে আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র, পরিকল্পনা ও তা বাস্তবায়নে যেসব সভা হতো, তাতে এ দুজনেরও (জাহাংগীর আলম ও ধনঞ্জয় দাস) ‘অ্যাকটিভ রোল’ ছিল। তাঁরা সভায় উপস্থিত থাকতেন। মাঠপর্যায়ে নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি তদারকি করতেন।”

আগামী ১৩ সেপ্টেম্বর এ মামলায় পরবর্তী শুনানি হবে বলে জানান প্রসিকিউশনের এই আইনজীবী।