সন্তান অবাধ্য হলে মা-বাবার দায় কতটুকু

মা-বাবার আনন্দের অন্যতম উপলক্ষ সন্তান। কখনো কখনো সন্তান কঠিন পরীক্ষার কারণও হয়ে দাঁড়ায়। সন্তান যখন মা-বাবার কথা অমান্য করে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, পারিবারিক সম্মান নষ্ট করে কিংবা এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, যাতে মা-বাবা গভীরভাবে কষ্ট পান। তখন প্রশ্ন আসে, এর দায় কি মা-বাবার ওপরও বর্তায়? পবিত্র কোরআন সন্তানকে একদিকে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, অন্যদিকে পরীক্ষা হিসেবে উল্লেখ করেছে। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো পরীক্ষা।’ (সুরা তাগাবুন ১৫) অর্থাৎ সন্তান ভালো হলে মা-বাবার জন্য যেমন নেয়ামত, সন্তান বিপথগামী হলে সেটিও তাদের জন্য পরীক্ষা।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, সন্তানের প্রত্যেকটি গুনাহের দায় স্বয়ংক্রিয়ভাবে মা-বাবার ওপর বর্তায় না। প্রত্যেক মানুষ নিজের কর্মের জন্য দায়ী। কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজের ইচ্ছায় অন্যায় করলে তার সেই গুনাহের দায় তার নিজের ওপরই বর্তাবে।

তবে মা-বাবার দায়িত্বও ইসলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে নির্ধারণ করেছে। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো।’ (সুরা তাহরিম ৬)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিবারের ব্যাপারে মা-বাবাকেও জিজ্ঞাসা করা হবে তারা কীভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। (সহিহ মুসলিম)

সুতরাং মা-বাবা যদি সন্তানকে ছোটবেলা থেকেই দ্বীনি শিক্ষা না দেন, ভালো-মন্দের পার্থক্য শেখানোর চেষ্টা না করেন, অন্যায়ে প্রশ্রয় দেন অথবা নিজেরাই সন্তানের সামনে খারাপ আদর্শ স্থাপন করেন, তাহলে তাদের অবহেলার জন্য তারা আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে পারেন। কিন্তু মা-বাবা যথাসাধ্য সঠিক শিক্ষা ও সুন্দর পরিবেশ দেওয়ার পরও কোনো প্রাপ্তবয়স্ক সন্তান নিজ ইচ্ছায় অবাধ্য হলে তার সব গুনাহ মা-বাবার ওপর বর্তাবে না।

সন্তানের অন্যায় আচরণে মা-বাবা কষ্ট পেতে পারেন, এটি স্বাভাবিক। কিন্তু সন্তানের অন্যায়ের কারণে মা-বাবার সামাজিক সম্মান ক্ষুণœ হওয়া মানেই তারা গুনাহগার, এ কথা বলা ঠিক নয়।

যে সন্তান নিজের মা-বাবাকে অপমান করে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের হৃদয়ে অকারণে আঘাত দেয় কিংবা তাদের সামাজিক মর্যাদাকে ক্ষুণœ করে, সে ইসলামের গুরুত্বপূর্ণ একটি নৈতিক শিক্ষা থেকে দূরে সরে যায়।

সন্তান মা-বাবার সম্পত্তি নয়। সে আল্লাহর আমানত। মা-বাবার দায়িত্ব তাকে ভালোবাসা, শিক্ষা, আদর্শ ও সঠিক পরিবেশ দেওয়া। আর সন্তানের দায়িত্ব হলো মা-বাবাকে সম্মান করা, তাদের সঙ্গে সদাচরণ করা এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের অভিমত বিবেচনা করা।

লেখক : ধর্মীয় নিবন্ধকার