মাঠের বাইরে নানা জটিলতা, কূটনৈতিক টানাপোড়েন আর সম্পর্কের শীতলতা পেছনে ফেলে আবারও বাইশ গজে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশ। তবে সেটি হয়েও যেন হচ্ছে না! তবে আরও একবার সম্ভাবনা হলো জোরালো। আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত দল!
২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি ঘোষণা করেছিল যে, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করবে ভারত। বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের একটি সময়ও ঠিক করে রেখেছিল।
তবে কাছাকাছি সময়ে আফগানিস্তানের বিপক্ষে ভারতের ব্যস্ততা থাকায় এই সময়ে সিরিজটি আয়োজনে অনিশ্চয়তা তৈরি হয়। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। এর ফলে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজ আয়োজন করা সম্ভব হচ্ছে না।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিরিজটি পিছিয়ে আগামী বছরের জানুয়ারি মাসে নেওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত বিসিবি ও বিসিসিআইয়ের পারস্পরিক আলোচনা এবং সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় এই সূচি বদলের সিদ্ধান্ত আসছে। এশিয়ান নিউজ নেটওয়ার্ক (এএনআই)-কে বিসিসিআইয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলমান রয়েছে, আর বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।’
এর আগে গত জানুয়ারি মাসে বিসিবির ঘোষণার পর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কর্তৃক বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া এবং পরবর্তীতে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরিয়েছিল।
অবশ্য সাম্প্রতিক সময়ে সেই তিক্ততা অনেকটাই কাটতে শুরু করেছে। বিশেষ করে বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের ভারত সফর এবং বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শনের ঘটনা দুই দেশের ক্রিকেট কূটনীতিতে নতুন করে আশার সঞ্চার করছে, যা সেপ্টেম্বরের বদলে জানুয়ারি মাসে আসন্ন এই সিরিজের পথকে আরও সুগম করেছে।