মডেল মুসকান হত্যা

গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার জিম ট্রেনার

ছুরিকাঘাতে ২১ বছর বয়সী মডেল মুসকান হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জিম ট্রেনার ইমরানকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তার দুই পায়ে গুলি লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভারতের পশ্চিম দিল্লির তিলক নগর এলাকায় নিজ বাড়িতে খুন হন মুসকান। ঘটনার সময় বাড়ির দোতলায় একাই ছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুসকানের পরিচিত জিম ট্রেনার ইমরানের বিরুদ্ধে তাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

ঘটনার সময় ইমরান ছুরি নিয়ে মুসকানের বাড়িতে ঢুকে তাকে আক্রমণ করেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান ইমরান। এরপর থেকেই তাকে ধরতে অভিযান শুরু করে দিল্লি পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মুসকান ও ইমরানের মধ্যে প্রায় দেড় বছর ধরে পরিচয় ছিল। তদন্তকারীদের দাবি, গত দুই মাস ধরে মুসকান অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। বিষয়টি নিয়ে ইমরান ক্ষুব্ধ ছিলেন বলে জানা গেছে।