কক্সবাজারে মদের বারে কথা কাটাকাটির জেরে পাল্টাপাল্টি হামলায় দুই যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ঝাউতলাস্থ রেনেসাঁ হোটেলের মদের বারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নাজিবুল হক রাশেদ (২৭) ও সোলাইমান ওরফে সালমান (২৯)। রাশেদ শহরের নুনিয়ারছড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে ও সালমান বিডিআরক্যাম্প এলাকার আবুল কালামের ছেলে।
রেনেসাঁ বারের ম্যানেজার তারেক বলেন, মদ খাওয়ার লাইসেন্স ছাড়া রাশেদের সঙ্গে আরও ৪ যুবক বারে আসেন। তারা সেখানে বসে মদপান করে। সেখানে রাশেদের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে তার সঙ্গে আসা শহরের ২নং ওয়ার্ডের আনসারের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর আনসার ফোন করে আরও দুইজনকে ডেকে আনে। তারা এসে আনসারকে ভাঙা বোতল ও ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে বিডিআরক্যাম্প এলাকার সালমানকে জনতা আটক করে।
বার ও আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ১১টার পরপর শহরের খুরুশকুল রাস্তার মাথা এলাকার আবু তাহের মিয়ার ছেলে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী তাজুয়ার হক রাধি ও তার বন্ধু সালমান বারে প্রবেশ করেন। এরপর সালমান গিয়ে রাশেদকে জাপটে ধরে। আর রাধি এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কাঁচের বোতল দিয়ে আঘাত করে। রাশেদ আহতাবস্থায় নিচে নেমে এসে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এবং সালমানকে ধরে মারধর করে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক দোকানদার বলেন, রাশেদের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে সালমানকে ধরে মারধর করে তুলে নিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মুমূর্ষু অবস্থায় সালমানকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম (ক্রাইম) বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মদের বারে কথা কাটাকাটির জেরে হামলা ও পাল্টা হামলায় দুই যুবক নিহত হয়েছেন। কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে তা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’