ডা. জুবাইদা রহমানের উদ্যোগ

বগুড়ায় ৫ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৩:৪০ এএম

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের উদ্যোগে বগুড়ায় প্রায় ৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার জেলার বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়। বগুড়া পৌর হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের দিনব্যাপী আয়োজনে সহযোগিতা করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও চশমা সরবরাহের পাশাপাশি ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া বিনামূল্যে লেন্সসহ ছানি অপারেশনে পাঁচশ জনের জন্য জেলার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্প পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। উপস্থিত ছিলেন আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশ সেক্টর ড. আহমেদ তাহের হামিদ আলি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জিয়াউর রহমান ফাউন্ডেশন বগুড়ার ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. আফসারুল হাবিব রোজ, আমিনুল হক দেওয়ান সজল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত