কাজী নজরুল ইসলাম গান, কবিতা, হামদ-নাতসহ বহুবিধ বিষয় রচনায় সিদ্ধহস্ত ছিলেন। তার এই অসাধারণ দক্ষতা দেখে এক পুস্তক ব্যবসায়ী তাকে প্রস্তাব দিলেন ছোটদের জন্য বই লেখার। বর্ণমালা শেখানোর জন্য একদম ছোট্ট শিশুদের জন্য যেমন বই লেখা হয় তেমন বই। তিনি নজরুলকে বোঝানোর জন্য বললেন, যেমন ‘অ’-তে অজগর ওই আসছে তেড়ে/আ-তে আমটি আমি খাব পেড়ে’ এ ধরনের কিছু।
নজরুল তখন হেসে বললেন, শুধু আম খাবেন, লিচু খাবেন না? তারপর তিনি বললেন, কীভাবে লিচু চুরি করতে গিয়ে বাগানের মালীর কাছে হাতেনাতে ধরা পড়েছিলেন। নজরুল গল্প বলে আড্ডা জমিয়ে দিতে পারতেন। গল্প শুনে পুস্তক ব্যবসায়ী হাসতে হাসতে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা। তিনি বললেন, এই ঘটনাই তো আপনি ছড়া আকারে লিখতে পারেন। তারপরের ঘটনা তো তোমরাও জানো। বাংলাভাষী এমন কোনো শিশু নেই যে ‘লিচু চোর’ কবিতাটি পড়েনি। এখন জানলে তো, লিচু চোর ছড়ার লিচু চোরটি আর কেউ নন, প্রিয় কবি কাজী নজরুল ইসলাম!
তথ্যসূত্র : রসিক নজরুল, তাপস রায়, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.