দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। পরিচালক এম ডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার ও পরিচালক বাপ্পারাজের যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিচালক ইকবাল জানান, গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় বাপ্পারাজ কাজটি করতে সম্মতি দিয়েছেন। সিনেমাটিতে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরে শুটিং শুরু করার লক্ষ্য রয়েছে।
চলতি মাসের ২ তারিখে একটি হোটেলে মহরতের মাধ্যমে যাত্রা শুরু করে সিনেমাটি। ‘গুলশানের চামেলী’তে বাপ্পারাজের সঙ্গে আরও অভিনয় করছেন ওপার বাংলার মধুমিতা সরকার, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা ও আশীষ খন্দকারসহ অনেকে।