নতুন মিশনে অধরা

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:১০ এএম

দেশীয় চলচ্চিত্রের গন্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছেন চিত্রনায়িকা অধরা খান। কামাল হোসেন বাবরের পরিচালনায় ‘ভায়োলেন্স’ শিরোনামের একটি আন্তর্জাতিক সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

কানাডার প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার পুরো শুটিং সম্পন্ন হবে দেশটির মনোরম লোকেশনে। প্রেম, ভালোবাসা, সংঘাত ও রাজনীতির জটিল সমীকরণ নিয়ে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। এতে কানাডায় বেড়ে ওঠা এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে দেখা যাবে অধরাকে। প্রযোজনা করছেন সাবরিনা চৌধুরী।

অধরা জানান, নিজের মেধা ও যোগ্যতাবলেই তিনি আন্তর্জাতিক কাজের সুযোগটি পেয়েছেন। গল্প ও নিজের চরিত্র মনের মতো হওয়ায় এতে যুক্ত হওয়া। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় একযোগে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০১৮ সালে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ ঘটে অধরা খানের। পরবর্তী সময় ‘মাতাল’ ও ‘সুলতানপুর’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি। বর্তমানে তার অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ সিনেমা দুটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত