জামালপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর এক ভাড়া বাসা থেকে রিমা আক্তার (২১) নামের এক শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতর শহরের কাচারিপাড়া এলাকার মোহাম্মদ আলীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছে নিহত রিমা আক্তার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকার শহিদুল্লাহর মেয়ে। নিহত রিমা সরকারি আশেক মাহমুদ কলেজে ইংরেজি বিভাগের অনার্সের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিমা আক্তার যে রুমে থাকতেন সেই রুমের দরজা ২ থেকে ৩ দিন যাবত বন্ধ ছিলো। শুক্রবার সন্ধ্যা থেকে তার রুমের ভিতর থেকে দুর্গন্ধ আসছিলো। বিষয়টি নিয়ে বাসার মালিকপক্ষ ও স্থানীয়দের সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ ফোন করে। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল গিয়ে রুমের দরজার তালা ভেঙে ভিতরে যায়। ঘরের সিলিং ফ্যানের সাথে রিমার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে থানায় আনা হয়। তবে নিহত রিমার বাড়ি মাদারগঞ্জ নাকি ইসলামপুর উপজেলায় সেই বিষয় নিয়ে পুলিশের মাঝে সংশয় তৈরি হয়েছে। 

কারণ রিমা যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির রেজিস্টারে লিখা তার বাড়ি মাদারগঞ্জ উপজেলায়। কিন্তু পুলিশ তার ঘরে রিমার জাতীয় পরিচয় পত্রে পায়। সেখানে তার বাড়ি ইসলামপুর উপজেলায় লেখা। কোনটি তার আসল ঠিকানা সেটা তদন্ত করে নিশ্চিত করা যাবে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) নাজমুস সাকিব বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে আমরা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাই। গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। মরদেহ দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা ২ থেকে ৩ দিন আগে মারা গেছে। মরদেহ ফুলে গেছে। এ বিষয়ে আইনগত  প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের পর নিহতের প্রকৃত ঘটনা জানা যাবে।