কয়েকদিনের টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় আটকা পড়েছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ ‘শিকার’ সিনেমার টিম। শেষ পর্যন্ত শুটিং শেষ করে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন তারা। শুক্রবার (২৮ আগস্ট) রাতে বাংলাদেশে পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। নায়িকা জানান, পুরো টিম নিরাপদেই ছিল। তবে একসঙ্গে সবাইকে নিয়ে দেশে ফেরার বিষয়টি কিছুটা চ্যালেঞ্জিং ছিল। অপু বিশ্বাস বলেন, নেপালে থাকা অবস্থায় আমরা বড় ধরনের কোনো সমস্যায় পড়িনি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পারায় শান্তি লাগছে।
জানা গেছে, কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার শুটিং পাহাড়ি অঞ্চলের মনোরম পরিবেশে চললেও হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। নেপালের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির ফলে বন্যা দেখা দেয়। কোথাও সড়ক পানিতে ডুবে যায়, আবার কোথাও ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায় যোগাযোগের পথ। এমন পরিস্থিতিতে শুটিং দ্রুত শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির টিম।
তবে একই দুর্যোগের কারণে এখনো নেপালে অবস্থান করছেন সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, দেশে ফেরার নির্ধারিত পথটি বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আপাতত সেখান থেকে বের হওয়ার সুযোগ নেই।