চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষণা ও উচ্চশিক্ষাবিষয়ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) পঞ্চম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দিদারুল ইসলাম মহসিন ও সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হামিদুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ২৭ আগস্ট এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির বাকিরা হলেন সহসভাপতি হিসেবে ঝুরঝুরি চাকমা, মেহেদী হাসান ও সাদিয়া রহমান ফাইজা, যুগ্ম সম্পাদক হয়েছেন অন্তরা রাইসা ও সাইফুল ইসলাম সিয়াম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সামির ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষক নুসরাত আফরিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শেখ মোহাম্মদ সায়েম, সিইউআরএইচএসের সভাপতি সানজিদা হক প্রিমা ও সাধারণ সম্পাদক অমিত চৌধুরী।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ রিসার্চ ক্লাব, চুয়েট বায়োমেডিকেল সোসাইটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সায়েন্স ক্লাব, আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইউএসটিসি ফার্মা ক্লাব, দৃষ্টি চট্টগ্রাম, প্রথম আলো বন্ধুসভা এবং নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট বাংলাদেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে শুভেচ্ছা ও বক্তব্য দেন।
২০১৯ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উচ্চশিক্ষা নিয়ে কাজ করছে সিইউআরএইচএস। সংগঠনটির দাবি অনুযায়ী, এ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০০-এর বেশি শিক্ষার্থীকে দেশের বাইরে উচ্চশিক্ষায় আবেদন করতে সহায়তা করেছে তারা। পাশাপাশি প্রায় ২ হাজার শিক্ষার্থীকে গবেষণার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।