গাইবান্ধায় নিজ ঘরে মাদকের আসর, ইয়াবাসহ আটক ২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

শনিবার (২৯ আগস্ট) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। এরআগে শুক্রবার বিকেলে উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, উত্তর কাঠুর গ্রামের মৃত ইনছার আলীর ছেলে রেজা মিয়া (৩৯) এবং একই গ্রামের চাঁন মিয়ার ছেলে আয়নাল হক (৪০)। 

​ডিবি পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিত্বে উত্তর কাঠুর গ্রামের রেজা মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় একটি ঘরে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়কালে হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে দুইজনের কাছ থেকে মোট ১০০ পিচ ইয়াবা পাওয়া যায়।

ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, নিজ ঘরে মাদক সেবনের আসর বসিয়ে তারা মাদক সেবন করছিল। সেবনের পাশাপাশি বিক্রি করার জন্য নিজের কাছে ইয়াবা মাদক রেখেছিল। সেখানে হাতেনাতে তাদের ধরে ফেলে পুলিশ। যদিও একজন ঘরের জানালা দিয়ে পালিয়েছে।

​ওসি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলছড়ি থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।