জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স প্রথম বর্ষের ভুয়া সময়সূচি প্রচার, সতর্ক থাকার আহ্বান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্থগিত একটি পত্রের পরিবর্তিত সময়সূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে প্রচারিত ওই সময়সূচিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সিলেবাসের পত্রকোড ২১২১০৯-এর ‘Introduction to Social Work’ পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। এই পরীক্ষার পরিবর্তিত তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সময়সূচি প্রচার করা হচ্ছে। কিন্তু স্থগিত পরীক্ষাটির নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো সময়সূচি দেখে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হলে তা যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই পরীক্ষার সময়সূচি সংক্রান্ত তথ্যের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।