২৪ ঘণ্টায় ৮ লাশ, গাজীপুরেই ৪

দেশের বিভিন্ন জেলায় পৃথক ঘটনায় গত ২৪ ঘণ্টায় নারীসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরেই চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর :

গাজীপুর : কাপাসিয়ায় নিখোঁজের তিনদিন পর জাহিদ হাসান (৫) নামের এক শিশুর মরদেহ ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদীর ঘাটে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিহত জাহিদ কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট দুপুর থেকে শিশু জাহিদ হাসানকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় একটি জিডি করা হয়। গতকাল সকালে ব্রহ্মপুত্র নদীর ঘাটে স্থানীয়রা ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কাপাসিয়া উপজেলার পাবুর দক্ষিণ পাড়া এলাকা থেকে গতকাল সকালে নিলয় সরকার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নিলয় একই এলাকার মনির সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘাস কাটা নিয়ে চাচাতো ভাই রাসেলের সঙ্গে নিলয়ের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। ঝগড়ার জেরে বাজার থেকে ফেরার পথে নিলয়ের ওপর ওঁৎ পেতে হামলা চালায় রাসেল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাপাসিয়া থানার ওসি নাছির আহমেদ জানান, অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকায় গজারি বন থেকে অর্ধগলিত এক কারখানা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এর আগে তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। নিহত শ্রমিক মশিউর রহমান (৪৫) রংপুরের গঙ্গাচুরা উপজেলার রাজভল্লবপুর আব্দুল মিজিদের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন। কালিয়াকৈর থানার পরিদর্শক রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে সেখানে ঝুলিয়ে রাখে।

এদিকে গতকাল বিকেলে কালিয়াকৈরের বরাব পশ্চিমপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে আবু বক্কর (৩৫) নামের এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। আবু বক্কর বরাব পশ্চিমপাড়া এলাকার সাহেব আলীর ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুর : সদর উপজেলার নান্দিনায় ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে নান্দিনা পূর্বপাড়ার মনির হোসেনের ভাড়া বাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গত শুক্রবার রাতে শহরের কাচারিপাড়া এলাকার ভাড়া বাসা থেকে রিমা আক্তার (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রিমা সরকারি আশেক মাহমুদ কলেজে ইংরেজি বিভাগের অনার্সের শিক্ষার্থী ছিল।

সে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকার শহিদুল্লাহর মেয়ে। জামালপুর সদর থানার পরিদর্শক নাজমুস সাকিব বলেন, ‘৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমরা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাই। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইল ইউনিয়নের উত্তর রসূলপুর গ্রাম থেকে মজনু মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

মজনু একই এলাকার মৃত আ. হকের ছেলে। নান্দাইল মডেল থানার ওসি আজাহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী (ফরিদপুর) : গতকাল সকালে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারী এলাকার ধানক্ষেত থেকে ইব্রাহিম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইব্রাহিম পাশের বেলজানী গ্রামের মোক্তার হোসেনের ছেলে। বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।