বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে তাকে পরিকল্পিতভাবে হত্যার নীলনকশা করেছিল। সেই নীলনকশায় তারা নিজেরাই ফেঁসে গেছে। ওইদিন তৌহিদি জনতার তোপের মুখে পড়ে বাঁচার জন্য আকুতি-মিনতি করেছিল তারা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী কাউকে রয়েল রিসোর্টে খুঁজে পাওয়া যায়নি। বাড়ি-ঘর ফেলে তারা পালাতে বাধ্য হয়েছে।
গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা অডিটরিয়াম হলরুমে বাংলাদেশ খেলাফতে মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাওলানা ইকবাল হোসাইন স্মরণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, রয়েল রিসোর্টের ঘটনায় দায়ের করা মিথ্যা মামলায় খেলাফত মজলিসের সোনারগাঁও থানা কমিটির তৎকালীন সভাপতি মাওলানা ইকবাল হোসাইন গ্রেপ্তার, কারা বরণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী।