গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা বাজারের একটি গুদাম থেকে চুরি যাওয়া বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে পরিচালিত অভিযান থেকে উদ্ধার হওয়া এই মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এর আগে ঢাকার বংশালের একটি ট্রান্সপোর্ট এজেন্সি থেকে এসব মালামাল চুরি হয়।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, বেঙ্গল ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিসের চালক সুমন মিয়া (৩৪) গত মঙ্গলবার ঢাকার বংশাল থেকে একটি ট্রাকে প্রায় ৭০ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা হন। তবে নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে সুমন মালামাল ও গাড়িসহ আত্মগোপন করেন।
এ ঘটনায় গত শুক্রবার রাতে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তদন্ত শুরু করে। শনিবার দুপুরে বংশাল থানা পুলিশ সুমনের গ্রামের বাড়ি গাইবান্ধার বেড়াডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে ভাড়া নেওয়া একটি গুদাম থেকে বিভিন্ন ধরনের পোশাক ও ইলেকট্রনিক পণ্যসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল জব্দ করে। পুলিশ জানায়, মালামালগুলো লুকিয়ে রাখার উদ্দেশ্যেই দুই দিন আগে ওই গুদামটি ভাড়া নিয়েছিলেন চালক সুমন।
শনিবার সন্ধ্যায় গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল ঢাকা থেকে আসা পুলিশ দলের কাছে হস্তান্তর করা হয়েছে।
বংশাল থানার পুলিশ পরিদর্শক রমেশ রায় জানান, এজেন্সির দাবি অনুযায়ী চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা হলেও গাইবান্ধা থেকে প্রায় ৩০-৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। চালক সুমনকে গ্রেফতার, বাকি মালামাল উদ্ধার এবং চুরি যাওয়া গাড়িটি জব্দের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।