মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে জেলার টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের আনন্দ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসে উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে বাজারের দোকানে আগুন লাগে। তাৎক্ষনিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে ইলেকট্রনিক, চায়ের স্টল, ফার্মেসি ও কলা বিক্রির দোকানঘর পুড়ে যায়।
তিনি আরো জানান, আগুন লাগার কারণ নির্ণয়ে তদন্ত চালাচ্ছেন ফায়ার সার্ভিস। আগুনে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের অসংখ্য দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে বলে দাবি করেন তিনি।