পড়াশোনার ক্লান্তি দূর করে মেডিটেশন ও শরীরচর্চা

শিক্ষার্থীরা এক স্থানে বসে দীর্ঘসময় পড়াশোনা করেন বলে নানাবিধ রোগের ঝুঁকিতে থাকেন। যারা পেশাগত কারণে দীর্ঘসময় চেয়ার টেবিলে বসে থাকেন তারাও শারীরিক স্থূলতা, হৃদরোগ, মেরুদ-ের দীর্ঘমেয়াদি রোগ, মানসিক অবসাদজনিত ক্লান্তি প্রভৃতি রোগে আক্রান্ত হতে পারেন। এসব রোগ রেহাই দেবে মেডিটেশন ও শরীরচর্চা।

মেডিটেশন : ক্লান্তি দূর করতে মনকে নিয়ন্ত্রণ জরুরি। দীর্ঘদিন একই ধরনের কাজ করতে করতে একঘেয়েমি ঘিরে ধরে। মন ক্লান্ত হয়ে যায়। মনের ক্লান্তিই শারীরিক ক্লান্তির জননী। যখন নেতিবাচক চিন্তাগুলো মনে আসে তখন মানসিক দৃঢ়তা কমে যায় এবং ক্লান্তির কালো মেঘ হানা দেয়। যা আমাদের মানসিক শক্তিকে দুর্বল করে দেয়। মন দুর্বল হয়ে গেলে আত্মবিশ্বাস হারিয়ে যায়। আত্মবিশ্বাস একবার হারিয়ে গেলে কাজের অনুপ্রেরণা থাকে না। আর তখনই ব্যক্তি ক্লান্ত অনুভব করে। কিন্তু নিয়মিত মেডিটেশনের অভ্যাস মনকে শান্ত করে ও দৃঢ় রাখে, ক্লান্তি দূর করতে সাহায্য করে। মনকে নিয়ন্ত্রণে ও উদ্দীপনায় ভরপুর রাখতে মেডিটেশনের বিকল্প নেই।

শরীরচর্চা : শরীরচর্চা শরীরে ক্লান্তিকে বাসা বাঁধতে দেয় না। অলসতাকে দূর করার জন্য শরীরচর্চা একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী মাধ্যম। শরীরচর্চার ফলে আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় এবং দীর্ঘক্ষণ কাজ করার দক্ষতা অর্জিত হয়। পাশাপাশি শরীরও সুস্থ এবং সবল থাকবে। সকালে ঘুম থেকে উঠে কমপক্ষে এক ঘণ্টা শরীরচর্চার করলে অলসতা দূর হয়, দিনটি শুরু হয় কর্মোদ্দীপনায়।