পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কণ্ঠে প্রকাশ পেয়েছে বহুল প্রত্যাশিত ‘হুন ইশক মে’ গানের মিউজিক ভিডিও। এতে গায়কের সঙ্গে জুটি বেঁধেছেন পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেই অন্তর্জালে ঝড় তুলেছেন এই দুই তারকা। তাদের রোমান্স কিংবা সম্পর্কের টানাপোড়েন—সবই দাগ কেটেছে শ্রোতা-দর্শকদের মনে। বোঝাই যাচ্ছে, এই জুটির রসায়নে মুগ্ধ তারা।
রবিবার (৩০ আগস্ট) সামাজিক যোগেোযাগ মাধ্যমে গানটির একটি ভিজ্যুয়াল ঝলক শেয়ার করেছেন আতিফ। গানটির নতুন পোস্টার প্রকাশে পর থেকেই অন্তর্জালে নেটিজেনদের চর্চা তুঙ্গে। রাজ রঞ্জোধের কথা ও সুরে আতিফের গায়কী যেন মন ছুঁয়েছে শ্রোতাদের। তারকাখচিত এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন গুণী পরিচালক সাইফি হাসান।
উল্লেখ্য, পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও প্রথম সারির অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। বিশ্বজুড়ে 'তেরে বিন' নাটকে 'মীরব' চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন।কিছুদিনের বিরতি কাটিয়ে এবার একগুচ্ছ নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন ইয়ুমনা। পুরোনো হিট জুটির পুনরাবৃত্তি থেকে শুরু করে নতুন সহশিল্পীদের সঙ্গে সমীকরণ সব মিলিয়ে দর্শক পাচ্ছেন দারুণ সব চমক।