গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে দায়ের করা মামলায় রনজিত বকশি সূর্যকে (৬৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাতে গাইবান্ধা শহরের ভিএইচ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রনজিত বকশি সূর্য গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত রবিন্দ্র বকশির ছেলে। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুত্তালিব সরকার। 

তিনি জানান, রাতে অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের ভি এইড রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ,ভাংচুরের মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক আসামী। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাকে আলালতে হাজির করা হবে।