ওসিসহ আহত ১০

প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল ঘিরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার ওসি তদন্তসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ মোহাম্মদ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে মীর সরফত আলী সপুর পূর্বনির্ধারিত আনন্দ মিছিল বের হওয়ার কথা ছিল। এ জন্য সেখানে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এর মধ্যে এমপি শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্তও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে সংঘর্ষের বিষয়ে বিএনপির দায়িত্বশীল কোনো নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় শ্রীনগর থানার ওসি তদন্ত চোখের নিচে কিছুটা আঘাত পেয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।