অনেকদিন পর কমেডি চরিত্রে মামুনুর রশীদ

দেশের নাট্য আন্দোলনে এক অগ্রণী ব্যক্তিত্ব মামুনুর রশীদ। বর্ষীয়ান এই শিল্পী একাধারে নাট্যকার, অভিনেতা ও নির্দেশক। মাঝে অসুস্থ হয়ে বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন উন্নত চিকিৎসার জন্য। ফিরে এসে আবার দাঁড়িয়েছেন লাইট-ক্যামেরার সামনে। এবার দীর্ঘদিন পর এই তারকাকে দেখা যাবে কমেডি চরিত্রে। সমসাময়িক বাস্তবতা, পরিচিত নানা চরিত্র, হাস্যরসের মিশেলে নির্মিত ‘আমরা ভাইরাল’ নামের নতুন এক ধারাবাহিক নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। আল আমিন স্বপনের রচনায় ৫২ পর্বের এই নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। খুব শিগগিরই নাটকটি প্রচারিত হবে বাংলাভিশনে। 

তার আগেই নাটকটির কয়েকটি স্থিরচিত্র প্রকাশ্যে এসেছে। সেসব ছবিতে দেখা যাচ্ছে, সুইমিংপুলের নীল জলে পা ভেজাচ্ছেন মামুনুর রশীদ। তাকে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন হাঁটুর বয়সী তরুণী প্রিসিলা ডি কস্তা।  পরিচালকর কাছ থেকে জানা গেছে, বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নানা বিষয় ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে নাটকটিতে। দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি হাস্যরসের মধ্য দিয়ে সমসাময়িক জীবনের কিছু বাস্তব চিত্রও তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। নাটকটি নিয়ে মামুনুর রশীদ বলেন, ‘গল্পটি অন্যরকম। হাস্যরসের মধ্য দিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের চারপাশের পরিচিত কিছু বিষয়কে ভিন্নভাবে তুলে ধরেছেন নির্মাতা। অনেকদিন পর এ রকম একটি গল্পে অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ 

আমরা ভাইরাল’ নাটকে  মামুনুর রশীদের সঙ্গে আরও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনীন হাসান চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ. আ. সোহাগ, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, প্রিসিলা ডি কস্তা, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদারসহ অনেকে। নাটকটির বেশিরভাগ শুটিং হয়েছে পুবাইলে একটি শুটিং হাউস ও রিসোর্টে।