কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন প্রকার মাদক ও ওষুধ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল দল এ অভিযান পরিচালনা করে।
৪৭ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির একটি চৌকস টহল দল নিচপাড়া মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।
একই দিন ভোর সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর মাঠ এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে বিজিবি। সেখান থেকে ১০ বোতল মদ এবং ১ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
পৃথক দুটি অভিযানে বিজিবি সর্বমোট ৮৫ বোতল মদ ও ২ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে, যার সর্বমোট আনুমানিক মূল্য ৮ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক অনুপ্রবেশসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।