‘কানাভুলা প্যারাডক্স’: রাজ-সাবিলার দ্বিতীয় মিশন

আবারও জুটি বেঁধেছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। এই জুটির রহস্য-রোমাঞ্চনির্ভর সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’ মুক্তি পাবে ২০২৭ সালের ঈদুল আজহায়। গেল ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন গল্প নিয়ে আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন এই দুই তারকা। এবার কোনো নাটক বা ওয়েব কনটেন্ট নয়, পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক চলচ্চিত্রে জুটি বাঁধছেন তারা। নতুন সিনেমাটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। 

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিনেমার খবরটি নিশ্চিত করেছেন শরিফুল রাজ। সেখানে তিনি লিখেছেন, ‘ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।’ পোস্টের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। রহস্য ও রোমাঞ্চনির্ভর গল্পের এই সিনেমাটি নির্মিত হচ্ছে ‘বুড়িগঙ্গা টকিজ’-এর ব্যানারে। সিনেমাটি প্রযোজনা করছেন নির্মাতা ও প্রযোজক তানিম নূর। 

‘কানাভুলা প্যারাডক্স’ হতে যাচ্ছে ‘বুড়িগঙ্গা টকিজ’ এর তৃতীয় প্রযোজনা। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ দুই নির্মাতা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের।জানা গেছে, সিনেমাটির গল্প রোমান্টিক ঘরানার প্রচলিত কাঠামো থেকে বেরিয়ে সময়ের জটিল সমীকরণ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে কেন্দ্র করে সাজানো হয়েছে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ ও সাবিলা নূর। চরিত্রের প্রয়োজন অনুযায়ী তাদের ভিন্নধর্মী লুকে দেখা যাবে। পাশাপাশি পর্দায় তাদের উপস্থাপনেও থাকছে নতুনত্ব।