হাম উপসর্গে প্রাণ গেল ৬ শিশুর, আক্রান্ত ১২৩১

থামছেই না হামের প্রকোপ। রোগটির উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছে আরও ছয় শিশু। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৩১ জন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৭৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৮০ জন।

এর আগে সোমবারও (৩১ আগস্ট) ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জন শিশুর মৃত্যু হয়। আর আক্রান্ত হয় ১ হাজার ২৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৭২ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের।

এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।