অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট উইন্সলেটকে নিয়ে প্রথমবার কাজ করতে যাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ‘দ্য আনহার্ড’ শিরোনামের পাঁচ পর্বের এই ড্রামা সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন লেবানিজ চলচ্চিত্র নির্মাতা মুনিয়া আকল। ওয়ার্প ফিল্মস, ব্র্যাড পিটের প্ল্যান বি এবং স্টিফেন গ্রাহামের ম্যাট্রিয়ার্ক প্রোডাকশনসের যৌথ প্রযোজনায় সিরিজটির শুটিং আগামী বছর শুরু হওয়ার কথা রয়েছে।
‘দ্য আনহার্ড’ এ কেট ও ম্যাক্সিন পিককে দুই বোনের চরিত্রে দেখা যাবে। গল্পে প্রতিশোধের একটি পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর কর্তৃপক্ষের তাড়া খেয়ে পালিয়ে বেড়াতে হয় তাদের। এ সময় নিজেদের অতীতের সহিংসতার সঙ্গে জড়িয়ে থাকা নানা গোপন রহস্যের মুখোমুখি হতে থাকে দুই বোন। সিরিজটির গল্পের আবহ ও বিষয়বস্তুর কারণে বাণিজ্যিকভাবে এটিকে রিডলি স্কট পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘থেলমা অ্যান্ড লুইস’-এর সঙ্গে তুলনা করা হচ্ছে।
নির্মাতা মুনিয়া আকল এর আগে ‘কোস্টা ব্রাভা, লেবানন’ এবং কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘সাবমেরিন’ নির্মাণ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন। নতুন এই প্রকল্প প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দর্শকদের কোনো নির্দিষ্ট বার্তা দেওয়ার চেয়ে চলচ্চিত্রের মাধ্যমে প্রশ্ন তোলাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কেট উইনস্লেটকে কেন্দ্র করে মুনিয়া আকলের এই নতুন সিরিজ তাই মুক্তির আগেই আন্তর্জাতিক দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।