চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণ, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও উপজেলা সদরের বিভিন্ন স্থানে আলোচনা সভা, র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি ও স্লোগানে দিনভর উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন লায়ন মো. হারুনুর রশিদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, অ্যাডভোকেট মহসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, বিএনপি নেতা মহসিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু ও সোহেল খান এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ এম টুটুল পাটওয়ারী।
আলোচনা সভা শেষে লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
অন্যদিকে, একই সময়ে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারীর নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা এবং জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল বাশার মুকুল পাটওয়ারী।
বক্তারা বলেন, ১৯৭৮ সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্রের পক্ষে কথা বলে।
আলোচনা সভা শেষে মোতাহার হোসেন পাটওয়ারীর নেতৃত্বে ৮ থেকে ৯ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি ফরিদগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এদিকে, একই সময়ে ফরিদগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারীর নেতৃত্বে উপজেলা সদরে পৃথক একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর ফরিদগঞ্জ উপজেলা সদর ও আশপাশের এলাকা মিছিল-স্লোগানে মুখরিত ছিল।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমার নেতৃত্বে চাঁদপুর পুলিশ রিজার্ভ থেকে তিন প্লাটুন পুলিশ এবং ফরিদগঞ্জ থানা পুলিশের সদস্যরা বিভিন্ন সভাস্থলে দায়িত্ব পালন করেন।