কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

কর্মসূচির শুরুতে বৃক্ষরোপণ এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৩টি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ এবং আরও পাঁচটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

বিকেল ৪টায় উপজেলা উন্মুক্ত মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবিরের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘কোনো প্রকার অপপ্রচারে কেউ কান দেবেন না। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশের অধিকাংশ উপজেলায় ফ্যামিলি ও কৃষক কার্ড পৌঁছে যাবে। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কাছে সরকারের সাহায্য-সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।’

এসময় তিনি উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ার শপথ পাঠ করান। একই সঙ্গে অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আগামী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।