‘কানাভুলা প্যারাডক্স’-এ এবার রাজ-সাবিলা

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার সাফল্যের পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। বুড়িগঙ্গা টকিজের প্রযোজনায় তাদের নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’। চিত্রনাট্যকার আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার যৌথভাবে সিনেমাটির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করছেন।

মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ‘কানাভুলা প্যারাডক্স’  উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাওয়া এই সিনেমায় মিলবে টাইম ট্রাভেল, রোমান্স ও মনস্তাত্ত্বিক রহস্যের এক ভিন্নমাত্রিক স্বাদ। পরিচালকদের লক্ষ্য দর্শকদের গতানুগতিক ধারার বাইরে সম্পূর্ণ নতুন এক সিনেমাটিক অভিজ্ঞতা উপহার দেওয়া। তানিম নূর প্রযোজিত এই নতুন গল্পের সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাসে। মুক্তি পাবে ঈদুল আজহায়।