কৃষিমন্ত্রী বললেন

সিন্ডিকেটের কারসাজিতে সারের কৃত্রিম সংকট দেখানোর চেষ্টা চলছে

দেশে বর্তমানে চার থেকে পাঁচ মাসের সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সারের দাম বাড়ার অভিযোগ সত্য নয় দাবি করে তিনি বলেন, একটি সিন্ডিকেটের কারসাজিতে কৃত্রিম সংকট দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই সংকট তৈরিকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী জানান, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ আমদানিনির্ভর মসলা চাষে স্বনির্ভরতা অর্জন করবে। প্রতি বছর দেশে প্রায় এক লাখ টন আদা আমদানি করতে হয়। চেষ্টা চলছে আগামী দুই বছরের মধ্যে পেঁয়াজ, মরিচ ও টমেটোসহ বিভিন্ন কৃষিপণ্য যেন আর আমদানি করতে না হয়। চলতি বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। আশা করছি, ভবিষ্যতে তা লাগবে না।