বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ইসমাইল পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বোরহানউদ্দিন থানার এএসআই মো. হেলালের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, ইসমাইল পাটোয়ারী বোরহানউদ্দিন থানার জিআর-২০৮/২০ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজা হওয়ার পর দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

গ্রেপ্তার ইসমাইল উপজেলার চকঢোষ ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল বাশার। তার বিরুদ্ধে থানায় একটি সাজা পরোয়ানা মুলতবি ছিল।

বুধবার ভোলা জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।