ঈশ্বরদীতে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে কারা এবং কী কারণে মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করেছে, তা জানতে পারেনি পুলিশ ও তার পরিবারের সদস্যরা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।

নিহত মেহেদী হাসান ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

নিহতের বাবা আনিছুর রহমান জানান, ‘ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভোর ৫টার দিকে ফোন করে ছেলের গুরুতর আহত হওয়ার খবর আমাকে জানানো হয়। হাসপাতালে গিয়ে দেখি, ছেলেকে সংকটাপন্ন অবস্থায় বেডে রাখা হয়েছে। ঘটনা সম্পর্কে জানতে চাইলে হাসপাতাল থেকে জানানো হয়, ভোরে কে বা কারা আপনার ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রেখে চলে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।’

তিনি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুরে পৌঁছালে ছেলের অবস্থা আরও খারাপ হয়। তখন তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনিছুর রহমান বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। কে বা কারা তাকে আঘাত করে পিটিয়ে মেরে ফেলল, কিছুই বুঝতে পারছি না।’

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ সাবিয়া মরিয়ম সাংবাদিকদের জানান, গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, বুধবার ভোরে কোনো অজ্ঞাতনামা ব্যক্তি গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। পরে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণসহ ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।