চট্টগ্রাম কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী মিরসরাই উপজেলার এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। বুধবার দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৫)। তিনি মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ও উপজেলার তারাকাটিয়া গ্রামের বাসিন্দা।

কারাগার সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, দুপুরে নুরুল ইসলাম বুকে ব্যথা অনুভব করলে দ্রুত প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।