পিরোজপুরের নাজিরপুরে পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে মো. সুমন শেখ (৪৪) এবং নারিকেল গাছ থেকে পড়ে মো. হিরু হাজরা (৩৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। নিহত সুমন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বানিয়ারী গ্রামের মহর আলী শেখের ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামিম হাসান।
নিহত সুমনের স্ত্রী সোনিয়া বেগম জানান, বুধবার বেলা সাড়ে ১০টার দিকে বাড়িতে থাকা গরুর খামারের বৈদ্যুতিক পানির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হন সুমন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, নিহত হিরু হাজরা উপজেলার সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের তৈয়ব আলী হাজরার ছেলে। তিনি পেশায় ডাব নারিকেল ব্যবসায়ী ছিলেন। উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাসেল শিকদার জানান, সকালে হিরু হাজরা বাড়ির কাছের একটি বাড়িতে ডাব-নারিকেল পাড়তে যান। এ সময় নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. সাকিল খান বলেন, সুমন শেখ ও হিরু হাজরাকে তাদের স্বজনরা মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
গণশুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩