‘ভাইরাল’ কনটেন্ট এবার টিভি পর্দায়

সামাজিক মাধ্যমে রাতারাতি পরিচিত হয়ে ওঠা নানা চরিত্র, আলোচিত ঘটনা আর বিতর্কের বিষয়বস্তু এবার স্থান পাচ্ছে টিভি নাটকে। সমসাময়িক বাস্তবতাকে হাস্যরসের মোড়কে পরিবেশন করতে নির্মিত হয়েছে ৫২ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। সাজিন আহমেদ বাবুর গল্প ও পরিচালনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন আল আমিন স্বপন।

নির্মাতা জানান, শুধু হাসাহাসি নয়; আলোচিত ও সমালোচিত ভাইরাল চরিত্রগুলোর মধ্য দিয়ে সমাজের ভেতরের কিছু গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। নাটকটিতে বরেণ্য অভিনেতা মামুনুর রশীদসহ তরুণ ও অভিজ্ঞ শিল্পীদের বড় একটি দল অভিনয় করেছে। যাদের মধ্যে রয়েছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি প্রমুখ। পুবাইলের একটি শুটিং হাউসে দৃশ্যধারায়ণ হওয়া নাটকটি নিয়ে মামুনুর রশীদ জানান, দীর্ঘদিন পর অন্যরকম এক সামাজিক গল্পের নাটকে কাজ করে তার দারুণ লেগেছে। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন মশিউর রহমান এবং আবহসংগীতে আপেল মাহমুদ এমিল। ৫২ পর্বের এই ধারাবাহিকটি শিগগির বাংলাভিশনে প্রচারের পাশাপাশি আর্টফ্রেম ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন দর্শক।