দাদী ভয়ংকর

তিন জীবন্ত কিংবদন্তি দিলারা জামান, আবুল হায়াত এবং ডলি জহুরকে এবার একসঙ্গে দেখা গেল নতুন নাটক ‘দাদী ভয়ংকর’-এ। একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তিন গুণী শিল্পীকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন রাহাত কবির, যিনি নিজেই এর চিত্রনাট্য লিখেছেন। সম্প্রতি নাটকটি ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে।

নাটকটির গল্প গড়ে উঠেছে বর্তমান সময়ের অতি পরিচিত সমস্যা ইন্টারনেট স্ক্যামকে কেন্দ্র করে। আশি বছরের এক বৃদ্ধা (দিলারা জামান) অনলাইন প্রতারণার শিকার হয়ে জীবনের সব সঞ্চয় হারান। পরিবার ও প্রযুক্তির কাছে অসহায় বোধ করলেও তিনি থেমে যাননি। দুই বৃদ্ধ বন্ধুকে (আবুল হায়াত ও ডলি জহুর) সঙ্গে নিয়ে নেমে পড়েন প্রতারকদের খোঁজে। প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে এই প্রবীণদের দুঃসাহসিক লড়াই এবং শেষ পর্যন্ত প্রযুক্তিকেই ন্যায়বিচারের হাতিয়ার হিসেবে গড়ে তোলার গল্প ফুটে উঠেছে এতে।

কাজের অভিজ্ঞতা জানিয়ে আবুল হায়াত বলেন, ‘সিনিয়র শিল্পীদের নিয়ে কাজ করা কঠিন, রাহাত কবিরকে ধন্যবাদ সুন্দর একটি গল্পে আমাদের মেলানোর জন্য।’ অন্যদিকে দিলারা জামান জানান, প্রযুক্তির সুবিধার পেছনের বিপদ সম্পর্কে সতর্ক করাই এই নাটকের মূল বার্তা। ডলি জহুর স্মৃতিচারণ করে বলেন, বহু বছর আগে আবুল হায়াতের পরিচালনায় ‘শেষ পত্র’ নাটকে তারা একসঙ্গে কাজ করেছিলেন, দীর্ঘদিন পর প্রিয় সহশিল্পীদের সঙ্গে ফিরতে পেরে দারুণ লাগছে।

নাটকটিতে দিলরুবা, রাইসুল ও মর্জিনা চরিত্রে অভিনয় করেছেন এই তিন প্রবীণ তারকা। এ ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী।