বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) মিড-সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য জরিমানা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অসুস্থতার কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকলেও নির্ধারিত জরিমানা পরিশোধ সাপেক্ষে পরবর্তী সময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ১১ জুন অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫৭তম সভায় গৃহীত সুপারিশ এবং ৩০ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ১২২তম সভায় অনুমোদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থী মিড-সেমিস্টার পরীক্ষায় অসুস্থতার কারণে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর জন্য বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে পরীক্ষাসংক্রান্ত সব ধরনের ব্যয় নির্বাহের শর্তে জরিমানা নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ২০০ টাকা এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হবে। নির্ধারিত জরিমানার টাকা জমা দেওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া যেতে পারে।
অফিস আদেশে আরও জানানো হয়, পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষকরা যথানিয়মে পারিতোষিক বিলের মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষার পারিতোষিক বিল প্রাপ্য হবেন। এ সিদ্ধান্ত ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে অসুস্থতাজনিত কারণে মিড-সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের পরবর্তী সময়ে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে একটি নির্ধারিত প্রক্রিয়া তৈরি হলো।
এ আদেশের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ প্রকাশ পায়। ক্ষোভ জানিয়ে কয়েকজন শিক্ষার্থী জানায়, বিশ্ববিদ্যালয়ের পূর্ব নিয়মে এধরনের কোনো বাধ্যবাধকতার কথা উল্লেখ নেই, ছিলনা। কিন্তু হঠাৎ করেই এ ধরনের সিদ্ধান্ত তো জুলুমের সামিল। কোনো শিক্ষার্থী নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে অসুস্থ হয়না। একজন অসুস্থ শিক্ষার্থীর কাছেও এরা হাজার টাকা জরিমানা আদায় করবে। এ সিদ্ধান্ত দ্রুত পর্যালোচনা করা হোক।