আনোয়ারায় বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুনানি শেষে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউনুছ (২৬), হযরত আলী (৩৫) ও মো. সাইফুল ইসলাম (২২)।

আদালত সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শঙ্খ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিকেলেই চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।