আনোয়ারায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ এএম

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার বটতলী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযান চলাকালে মো. হেলাল প্রকাশ বেলাল (৩০) নামের এক ব্যক্তিকে ঘটনাস্থলে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ ছাড়া মো. ইদ্রিস (৩০), মো. মাসুদ (২৬) ও মো. আবদুর রহিম (৪২) নামের তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারজনের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মো. হেলাল ওরফে বেলাল ও মো. ইদ্রিসকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. মাসুদ ও মো. আবদুর রহিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে আনোয়ারা থানা পুলিশের পক্ষে এসআই জাহাঙ্গীর আলম এবং এএসআই ইয়াছিন বিপিএম উপস্থিত ছিলেন।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে আনোয়ারায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।



সর্বশেষ সর্বাধিক পঠিত