ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সম্পর্ক খারাপ হওয়ার প্রশ্নই আসে না: তামিম 

অতীতে বেতন-ভাতা নিয়ে অসন্তোষ, প্রশাসনিক অব্যবস্থাপনা কিংবা কর্তাব্যক্তিদের নানা বিতর্কিত মন্তব্যে বিসিবি ও জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যকার সম্পর্কে প্রায়শই অনভিপ্রেত দূরত্বের সৃষ্টি হয়েছে। তবে অতীতের সেই বরফ গলিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে এখন নতুন এক সম্ভাবনার হাওয়া বইতে শুরু করেছে।

বিসিবি কার্যালয়ে আজকের হঠাৎ আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি ও দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দূরত্ব তৈরির কোনো সুযোগই নেই।

আজ (বৃহস্পতিবার) বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ক্রিকেটারদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার প্রশ্নই আসে না। এটা ভালো হওয়া দরকার। কারণ অনেক সময়ে ক্রিকেটারদের অনেক অসম্মান করা হয়েছে।’ 

খেলোয়াড়ি জীবন থেকেই সতীর্থদের পাশে থাকা এবং তাদের নাড়ির স্পন্দন বোঝার ক্ষমতার কথা উল্লেখ করে বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘আমি নিজেই যেহেতু ক্রিকেটার ছিলাম, তাদের সাথেই ক্রিকেট খেলেছি। তাদের ভালো-খারাপ কিছুটা হলেও বুঝার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে। তাদের জন্য যেটা দরকার হবে আমি তাই করব।’