ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ: 'বছরে একজনের আয় হবে ৩৫-৪০ লাখ'- তামিম

ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটারদের দীর্ঘদিনের আর্থিক প্রাপ্তির খরা কাটাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিসিবি বস বলেন, ‘আমরা সবাই মিলে যেটা সিদ্ধান্ত নিয়েছি চারদিনের ম্যাচের ম্যাচ ফি ৭০ হাজার থেকে দেড় লাখ করা হয়েছে। ওয়ানডেতে ৫০ হাজার ছিল, ১ লাখ করা হয়েছে। টি-টোয়েন্টিতে ৪০ হাজার ছিল, ৮০ হাজার করা হয়েছে।’

এদিকে নারী ক্রিকেটারদের ক্ষেত্রেও ম্যাচ ফি ডাবল করা হয়েছে। সে প্রসঙ্গে তামিম বলেন, ‘নারীদের ক্রিকেটেও ডাবল করা হয়েছে। তিন দিনের ম্যাচের ফি ২০ হাজার থেকে ৪০ হাজার করে দেওয়া হয়েছে।’

ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের আরও বেশি মনোনিবেশের জন্যই বিসিবির এই সিদ্ধান্ত। এতে নিজেদের খেলার মান বাড়িয়ে নেওয়ার পাশাপাশি আর্থিক দিকটাও হবে বেশ চওয়া। এ নিয়ে বিসিবি সভাপতি আরও বলেন, সবমিলিয়ে বছরে একজন খেলোয়াড় শুধু ঘরোয়া লিগ খেলে ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করতে পারবেন। 

তামিম আরও বলেন, 'আমরা এখানে ক্রিকেটারদের সার্ভ করার জন্য এসেছি। আমাদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক খারাপ হওয়ার তো প্রশ্নই আসে না। বরং ভালো হওয়া দরকার। কারণ অনেক সময় অনেক বেইজ্জতি করা হয়েছে ক্রিকেটারদের। আমার নতুন করে কিছু বলার দরকার নাই।'
 
তিনি আরও বলেন, 'আমি নিজেই যেহেতু ক্রিকেটার ছিলাম, ক্রিকেট খেলেছি তাদের সঙ্গে। তাদের ভালো-খারাপ কিছুটা হলেও বুঝার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে। তাদের জন্য আমার যেটা করা দরকার হবে আমি তাই করব। ক্রিকেটারদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার প্রশ্নই আসে না। এটা ভালো হওয়ারই দরকার।'