কুমিল্লার দেবিদ্বারে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়নবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সদস্য মো. দেলোয়ার হোসেন। মো. শাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম কাইয়ুম, বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মো. আব্দুল আউয়াল খান বাদল, সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানসহ স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন এসএসসি উত্তীর্ণ জান্নাতুল ফেরদৌস ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোসা. রাইসুল আক্তার। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন পরিচালনা কমিটির সাবেক সদস্য ও সাংবাদিক মো. কবির হোসেন।
অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় বিশেষ কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ছয়জন শিক্ষার্থীর হাতে প্রাইজমানি ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।