দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু, আহত ৪

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম

কুমিল্লার দেবিদ্বারে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল তিনটার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরা সরকারবাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার কারখানার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রওশন আরা বেগম (৩৮) এবং তাঁর ছেলে ইয়ামিন (৬)।

আহত ব্যক্তিরা হলেন— নবীনগর উপজেলার বাসারুপুর গ্রামের মো. তাজুল ইসলাম (৭৩), তাঁর স্ত্রী মিনু আরা বেগম (৬৫), সিএনজি চালক জিসান (৩৫) এবং এক অজ্ঞাতপরিচয় যাত্রী।  

তাজুল ইসলাম জানান, তিনি স্ত্রী, মেয়ে ও নাতিকে নিয়ে কুমিল্লার ময়নামতি এলাকায় এক আত্মীয়ের তিন দিনের দোয়া শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে দেবীদ্বারের কাছে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই তাঁর মেয়ে রওশন আরা বেগমের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর নাতি ইয়ামিন মারা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নামতি থেকে কোম্পানীগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচ যাত্রী নিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ছোট কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে কংসনগর এলাকা থেকে সেটি আটক করে এবং পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহত মা ও ছেলের মরদেহ থানার হেফাজতে রয়েছে। কাভার্ড ভ্যান ও চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত