শিবগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। 
 
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম মনোয়ারা বেগম (৬০)। স্বামী মফিজুল হক (৭৫) এর বাড়ি রসিকনগর বাবুপুরে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, মফিজুলের সঙ্গে তার স্ত্রী মনোয়ারা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। এই দ্বন্দ্বের জের ধরে বিকেল ৪ টার দিকে নিজ বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া ও কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মফিজুল ধারালো হাসুয়া দিয়ে মনোয়ারাকে কুপিয়ে হত্যা করে। পরে মফিজুল ঘরের ফ্যানের হুকে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 
 
পুলিশ জানায়, মফিজুলের পুত্রবধূ শাপলা খাতুন দাওয়াত খেয়ে বাড়ি ফিরে দরজা বন্ধ দেখে জানালা দিয়ে দেখতে পান যে, তার শাশুড়ি ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়রা এসে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে মনোয়ারার রক্তাক্ত মরদেহ ও মফিজুলকে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
 
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহ দু'টি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।