ইউটিউব ভিডিওতে অ্যামাজনের পণ্য ট্যাগ করে আয় করার সুযোগ পাচ্ছেন কনটেন্ট নির্মাতারা। নতুন এই সুবিধার আওতায় শর্টস, দীর্ঘ ভিডিও ও লাইভ সম্প্রচারে অ্যামাজনের বিভিন্ন পণ্য সরাসরি ট্যাগ করা যাবে। দর্শক ট্যাগ করা পণ্য কিনলে বিক্রির ওপর কমিশন পাবেন নির্মাতারা। প্রাথমিকভাবে এত দিন অ্যামাজন অ্যাসোসিয়েটসের লিংক ভিডিওর বিবরণে যুক্ত করে পণ্যের প্রচারণা চালাতে হতো। দর্শক সেই লিংকে গিয়ে পণ্য কিনলেই কমিশন মিলত। নতুন ব্যবস্থায় ভিডিওর মধ্যেই পণ্য ট্যাগ করা যাবে। ফলে দর্শককে আলাদা করে বিবরণে গিয়ে লিংক খুঁজতে হবে না।
ইউটিউব জানিয়েছে, অ্যামাজন জনপ্রিয় ও বেশি চাহিদাসম্পন্ন পণ্যের একটি তালিকা সরবরাহ করবে। নির্মাতারা সেখান থেকে ভিডিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পণ্য বেছে নিতে পারবেন। প্রয়োজনীয় কোনো পণ্য তালিকায় না থাকলে সেটি যুক্ত করার অনুরোধও জানানো যাবে। পণ্য ট্যাগ করার কাজ স্বয়ংক্রিয় করার সুবিধাও থাকবে।
তবে ইউটিউব স্টুডিওতে কোনো পণ্য বা ভিডিও থেকে কত কমিশন এসেছে, তার বিস্তারিত হিসাব দেখা যাবে না। নির্মাতারা শুধু দৈনিক মোট আয় দেখতে পারবেন। কোনো ক্রেতা পণ্য ফেরত দিলে সেই বিক্রির কমিশনও হিসাব থেকে কেটে নেওয়া হবে। সুবিধাটি যুক্তরাষ্ট্রে শুরু হলেও অন্য দেশের দর্শকরাও ট্যাগ করা পণ্য দেখতে পারবেন।