গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে তিনি বলেন, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য বিএনপি সরকার দায়ী নয়। এর কারণ আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনা। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে রাজপথে আন্দোলন-সংগ্রামের হুমকি না দিয়ে তিনি গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে জাতীয় সংসদে আলোচনার পরামর্শ দেন।
গতকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আপনারা গ্যাস, বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন ঠিক আছে। এটি আপনাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনারা একটা অল্টারনেটিভ বলুন, আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব, কী কী পদক্ষেপ নিলে বর্তমান সংকট মোকাবিলা সম্ভব, সে বিষয়ে বিরোধী দলের একটি পরিকল্পনা দেওয়া উচিত।
তিনি বলেন, কীভাবে এই সংকট নিবারণ করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা দিতে হবে। অতীতের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যাবে। অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার ॥সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, নায়ক হেলাল খান, জাকির হোসেন রুকন প্রমুখ।
দেশে ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে : এর আগে সকালে ধানম-িতে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত না করা গেলে দেশ এবং সমাজ পিছিয়ে যাবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নারীদের খেলাধুলার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হবে, সুনাম অর্জন করতে হবে। বাংলাদেশে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শিরিন সুলতানা, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম ও পুলিশ সুপার শামীমা পারভীন।
উল্লেখ্য, দেশে এই প্রথম আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে আট বিভাগের ১৬ জেলার প্রায় ৩০০ কিশোরী প্রতিযোগিতায় অংশ নেবে।