আনোয়ারায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বটতলী গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযান চলাকালে আকতার কবির (৩৬) ও মোহাম্মদ হান্নান (২২) নামের দুই ব্যক্তিকে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে আনোয়ারায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।