ইয়েমেনে হুতি-সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইয়ে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা ও সামরিক সূত্র।

সামরিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, সংঘর্ষে সরকারি বাহিনীর ২৬ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হুতিদের চিকিৎসা ও সামরিক সূত্রের দাবি, তাদের ৩১ যোদ্ধা নিহত হয়েছেন।

এ ছাড়া সরকারি বাহিনির নিয়ন্ত্রণে থাকা তায়িজ শহরে একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ছয় বেসামরিক নিহত ও সাতজন আহত হয়েছেন। স্থানীয় একটি মেডিকেল সূত্র এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার তায়িজ ও হোদেইদাহর দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে হুতিদের বড় ধরনের আক্রমণের পর থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামান ব্যবহার করে সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত উপকূলীয় এলাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।

এর জবাবে শুক্রবার হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় সরকারি বাহিনী। ইয়েমেনের সামরিক বাহিনীর দাবি, তায়িজ ও হোদেইদাহে হুতিদের অবস্থান, সেনা সমাবেশ ও যানবাহন লক্ষ্য করে অন্তত ১৫টি হামলা চালানো হয়েছে।

এদিকে তায়িজের পশ্চিমাঞ্চলে কৌশলগত একটি পাহাড়ের চূড়ায় সরকারি বাহিনীর একটি ঘাঁটি দখলের দাবি করেছে হুতিরা। আল-বারাহ ও মাকবানাহ এলাকায় গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়েও দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। এই মহাসড়ক দিয়ে তায়িজ ও আল-মাখায় সরকারি বাহিনীর রসদ সরবরাহ করা হয়।

হুতিদের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১২০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে। ২০২২ সালের ভঙ্গুর যুদ্ধবিরতির পর সাম্প্রতিক এই সংঘর্ষকে ইয়েমেনের অন্যতম প্রাণঘাতী লড়াই হিসেবে দেখা হচ্ছে।